https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে চকরাজাপুর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আশঙ্কায় বিদ্যালয়গুলোর মালামাল সরিয়ে নেওয়া হলেও বন্ধ রয়েছে পাঠদান। একই সঙ্গে পানি বাড়ায় ১৫টি চরের প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বিলীন হওয়া বিদ্যালয়গুলো হলো—পলাশি ফতেপুর, আতারপাড়া ও চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের দাবি, নদীভাঙনে শতাধিক বাড়ি ও কয়েকটি মসজিদও নদীগর্ভে চলে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
স্থানীয়রা জানান, গত ১ সেপ্টেম্বর থেকে পদ্মায় হঠাৎ পানি বাড়তে শুরু করে। এরপর নদীভাঙন তীব্র হলে একে একে তিনটি বিদ্যালয় ঝুঁকির মুখে পড়ে। আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল সরিয়ে নেওয়ার কাজ চলার মধ্যেই ১০ সেপ্টেম্বর দুপুরে ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার জানান, নদীভাঙন এলাকা পরিদর্শন করে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানিবন্দি মানুষের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।