https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩২ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে রিটটি দায়ের করেন। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।
রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘প্রক্রিয়াজাত খাবারেও ভারী ধাতু, বড় ঝুঁকিতে শিশুরা’ শীর্ষক প্রতিবেদনটি রিটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
ওই প্রতিবেদনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বাংলাদেশের বাজারে পাওয়া ৩২ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য পরীক্ষা করে সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, তামা ও নিকেল—এই ছয় ধরনের ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। কয়েকটি পণ্যে সিসা ও ক্রোমিয়ামের মাত্রা আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় কয়েক গুণ থেকে কয়েকশ গুণ বেশি ছিল। পানীয়, বেকারি পণ্য ও চকলেটে তুলনামূলক বেশি দূষণের তথ্য পাওয়া যায়।
গবেষকদের স্বাস্থ্যঝুঁকি বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষা করা ৩২টি পণ্যের মধ্যে ৩১টিতেই শিশুদের ক্যান্সারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা রয়েছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমন ঝুঁকি পাওয়া গেছে ৯টি পণ্যে। কয়েকটি খাদ্যশ্রেণিতে শিশুদের জন্য ক্রোমিয়াম ও নিকেলের সম্ভাব্য ক্যান্সারজনিত ঝুঁকিও গ্রহণযোগ্য সীমার ওপরে ছিল।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের গবেষকরা যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেন। গত ২২ আগস্ট আন্তর্জাতিক সাময়িকী জার্নাল ফর ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে গবেষণাটি প্রকাশিত হয়।