রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একদিনেই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। মামলার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী বুধবার (৩ জুন) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
পরে রামিসার মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, প্রতিবেশী ও সংশ্লিষ্ট বিভিন্ন সাক্ষী, পুলিশ সদস্য, ময়নাতদন্তকারী চিকিৎসক, জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন। এ সময় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা করেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনের জন্য ৩ জুন দিন নির্ধারণ করেন। এর আগে দুজনকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২০ মে রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করা হয়। একই দিনে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে ২৪ মে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে এবং ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটি বর্তমানে বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপে রয়েছে।

মন্তব্য করুন