বিএমইটির ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে লাওসে গিয়ে বিপাকে পড়েছেন ২০ বাংলাদেশি। রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দিয়ে পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর আড়াই মাসের বেশি সময় ধরে কাজ পাননি বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগীদের দাবি, লাওসে পৌঁছানোর পর প্রতিশ্রুত কোম্পানি ও কর্মস্থলের সন্ধান পাননি তারা। রাজধানী ভিয়েনতিয়েনের আশপাশে একটি বাসায় রাখা হলেও কর্মসংস্থান, খাবার ও আবাসনের ব্যবস্থা করা হয়নি।
বাড়িভাড়া দিতে না পারায় ২৩ নভেম্বর বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ পেয়েছেন তারা। প্রত্যেক কর্মী বিদেশ যেতে প্রায় ৬ লাখ টাকা খরচ করেছেন বলে জানিয়েছেন। এখন কাজ পেতে নতুন করে টাকা দেওয়ার চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এ ঘটনায় কর্মীদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা এবং দেশে ফেরার ব্যবস্থা করার দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।
সংগঠনটি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জরুরি সহায়তা এবং প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মন্তব্য করুন