পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ অন্য কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ না হয়ে নিজেদের স্বার্থ ও শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে চায়। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে বাংলাদেশ প্রস্তুত। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশকে অপ্রত্যাশিত জ্বালানি সংকটের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়টিও মোকাবিলা করতে হয়েছে।

জ্বালানির ক্ষেত্রে নতুন উৎস ও সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের নিজস্ব গ্যাস ও এলএনজির সম্ভাব্য উৎস রয়েছে, যেগুলোর অনেকগুলো আগে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এসব উৎস অনুসন্ধানের কাজ শুরু করেছে।

পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে নাগরিকদের জ্বালানির ক্ষেত্রে আরও স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘস্থায়ী এ সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। তবে মানবিক কারণে বাংলাদেশ সহযোগিতাপূর্ণ অবস্থান বজায় রেখেছে।

রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।