বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২০৪ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় ঢাকার পর ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েত সিটি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই স্কোরকে ভালো বায়ু হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত একিউআই স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এসব শহরের বায়ুমানের সূচকও নিয়মিত পরিবর্তিত হতে পারে।


মন্তব্য করুন