শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সৃজিত মুখার্জি পরিচালিত এই ঐতিহাসিক সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ দিব্যাণী মণ্ডলের। নতুন প্রজন্মের এই অভিনেত্রীর কাছ থেকে বাস্তব জীবনেও বেশ কিছু বিষয় শিখছেন নির্মাতা সৃজিত।
সিনেমাটির মুক্তির আগে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত জানান, প্রজন্মের ব্যবধান থাকলেও নতুনদের কাছ থেকে শেখার বিষয়ে তার আগ্রহ রয়েছে। বিশেষ করে দিব্যাণীর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা খুঁটিনাটি শিখছেন তিনি।
সৃজিত বলেন, দিব্যাণীর কাছ থেকে তিনি ইনস্টাগ্রাম ব্যবহার শেখার পাশাপাশি রিলস তৈরি ও ইনস্টাগ্রাম গ্রিড সাজানোর বিষয়েও ধারণা নিচ্ছেন। তার ভাষায়, নতুন প্রজন্ম এসব বিষয়ে বেশ দক্ষ।
নতুন প্রজন্মের চিন্তাধারা নিয়েও কথা বলেন সৃজিত। তিনি জানান, তরুণদের কাছে ফেসবুক এখন অনেকটাই পুরোনো মাধ্যম। সমাজ, রাজনীতি, সম্পর্ক ও সংগীতের মতো বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্ম যেভাবে পৃথিবীকে দেখে, সেসব নিয়েও দিব্যাণী ও আরেক তরুণ শিল্পী ঋকের সঙ্গে তার নিয়মিত আলোচনা হয়। সৃজিতের মতে, এক প্রজন্মের কাছ থেকে অন্য প্রজন্মের শেখার সুযোগ সবসময়ই থাকে।
অন্যদিকে সৃজিতের মতো নির্মাতার সিনেমায় বড় তারকাদের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দিব্যাণী। ‘ফুলকি’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জানান, শুরুতে শুটিং নিয়ে কিছুটা ভয় কাজ করত তার। বকুনি খাওয়ার আশঙ্কায় প্রতিদিন সব সংলাপ মুখস্থ করে সেটে যেতেন তিনি।
দিব্যাণীর ভাষ্য, যেখানে কোনো বিষয় বুঝতে সমস্যা হয়েছে, সৃজিত নিজেই তা বুঝিয়ে দিয়েছেন। এখন সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
সিনেমায় দিব্যাণীকে ‘ভারতী’ চরিত্রে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সৃজিত জানান, চরিত্রটির মধ্যে রয়েছে একধরনের অন্তর্নিহিত সারল্য। উপন্যাসে সব্যসাচীর স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র পন্থা নিয়ে ভারতীর মনে নানা প্রশ্ন তৈরি হয়। সেই নিষ্পাপ দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তুলতে এমন একজন নতুন মুখের প্রয়োজন ছিল, যাকে দর্শক আগে খুব বেশি দেখেননি।
নন্দী মুভিজের ব্যানারে প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আসছে দুর্গাপূজায়, ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে টোটা রায়চৌধুরী, সব্যসাচী মল্লিকের চরিত্রে আবীর চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় নাগ।

মন্তব্য করুন