নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এখনো একজন পর্বতারোহণকর্মী নিখোঁজ রয়েছেন। তার জীবিত থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং পর্বতের বেস ক্যাম্পে তুষারধসটি আঘাত হানে। দুর্ঘটনার সময় সেখানে বিদেশি পর্বতারোহীরা পৌঁছাননি।
বৃহস্পতিবার উদ্ধারকারীরা নতুন করে আটজনের মরদেহ উদ্ধার করেন। এর আগে রবিবার দুই পর্বতারোহণ গাইড, সোমবার রান্নাঘরের দুই কর্মী এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বর্তমানে অভিজ্ঞ গাইডসহ ১১ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। তুষারের নিচে চাপা পড়া তাঁবুগুলো ঘিরে চার মিটারের বেশি পুরু বরফের স্তর সরিয়ে মরদেহের সন্ধান চালানো হচ্ছে।
উদ্ধারকাজ পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযান শিগগিরই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নেপালে এর আগেও তুষারধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জনের মৃত্যু হয়। পরের বছর ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্টে আরও ১৮ জন প্রাণ হারান। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের আটটিই নেপালে অবস্থিত। ৭ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত অভিযানে আগ্রহী পর্বতারোহীদের কাছে হিমলুং পর্বতও একটি পরিচিত গন্তব্য।


মন্তব্য করুন