পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির বহর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালানটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে।
ইউরেনিয়াম পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকালে কড়া নিরাপত্তায় তিনটি বিশেষ লরিতে করে চালানটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে কার্গো বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি।
এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি চুল্লিতে স্থাপন করা হয়েছে। শিগগিরই প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

মন্তব্য করুন