হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পূর্বঘোষণা ছাড়াই বিমানবন্দরে যান তিনি। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন।

যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী। এ সময় যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশনাও দেন বিমানমন্ত্রী। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।