সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ঢাকা বলেছে, এ ধরনের কর্মকাণ্ড নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি সাধারণ মানুষের জীবন বিপন্ন করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে।
বাংলাদেশ অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে দেশটির বেসামরিক স্থাপনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে ঢাকা।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরীহ মানুষের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।

মন্তব্য করুন