প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে মালয়েশিয়া। বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় দেশটির কয়েকটি রাজ্য ও গুরুত্বপূর্ণ এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার।
মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্কুল বন্ধের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, উপদ্বীপাঞ্চলের জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া রাজধানী কুয়ালালামপুর, প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়া এবং পাহাং রাজ্যের রমপিন জেলার স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়।ধোঁয়াশার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে রাজ্য ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ধোঁয়াশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। এ কাজে ইন্দোনেশিয়াকে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে মালয়েশিয়া।
বায়ুদূষণ পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য দেশগুলোর মন্ত্রীদের বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এখন পুরো অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে জনস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রায় এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন