কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, তা নিয়ে এবার মুখ খুললেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পছন্দের পাত্রের গুণাবলি থেকে শুরু করে বিয়ে নিয়ে নিজের ভাবনা, সবকিছুই খোলামেলাভাবে জানিয়েছেন এই অভিনেত্রী। তার কথায়, জীবনসঙ্গীকে হতে হবে ভালো মানুষ, একই সঙ্গে হতে হবে তার সবচেয়ে ভালো বন্ধু।
বর্তমানে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। এরই ফাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিয়ে এবং মনের মানুষের বিষয়ে নিজের পছন্দের কথা তুলে ধরেন তিনি।
জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’
অর্থাৎ, মিমির কাছে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু ভালোবাসাই নয়, বন্ধুত্ব, আনন্দময় মানসিকতা, ভ্রমণের প্রতি আগ্রহ এবং সন্তানদের প্রতি ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ।
নিজের বিয়ে নিয়ে অবশ্য এখনই খুব একটা ভাবতে চান না অভিনেত্রী। মজার ছলে মিমি জানান, অন্যদের বিয়ের অনুষ্ঠানে যেতে তার বেশ ভালো লাগে। বিশেষ করে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তিনি আরও খুশি হন। নিজের বিয়ের প্রসঙ্গে তার সোজাসাপটা উত্তর, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’
এদিকে, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, সৃজিত তাকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র বিখ্যাত চরিত্র ‘পুপে’-কে রেফারেন্স হিসেবে দিয়েছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে মিমির এমন খোলামেলা মন্তব্যের পাশাপাশি নতুন সিনেমায় তার অভিনয়ও এখন আলোচনায় রয়েছে।

মন্তব্য করুন