কানাডার পুলিশের পোশাকে চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে বাস্তবে কানাডার পুলিশে যোগ দেননি এই অভিনেতা। নতুন সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।

‘ভায়োলেন্স’ নামের একটি অ্যাকশনধর্মী বাংলা সিনেমায় পুলিশের ভূমিকায় অভিনয় করছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

বর্তমানে কানাডায় সিনেমাটির শুটিং চলছে। যুক্তরাষ্ট্র থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন জায়েদ খান। সিনেমাটিতে তার চরিত্র ও অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খানের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। তবে ‘ভায়োলেন্স’-এ তার চরিত্র কীভাবে গল্পের মোড় ঘুরিয়ে দেবে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত।