রাজধানী ঢাকায় আগামী ১৮ অক্টোবর শুরু হচ্ছে চার দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘আইএইচএফ নেশনস ট্রফি’। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
রাজধানীর পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। দ্বিতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হচ্ছে চার দেশের এই প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন কোচ, অধিনায়ক ও ফেডারেশনের কর্মকর্তারা।
রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন দুটি করে লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার ভিত্তিতে ২১ অক্টোবর ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রথমবার বিদেশি কোচের অধীনে প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ দল। অধিনায়ক ইসমেতারা নিশি বলেন, দলের লক্ষ্য ফাইনালে ওঠা। ভারত, নেপাল ও মালদ্বীপ—সব দলই শক্তিশালী। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো জানান, শুধু এই টুর্নামেন্টে জয় নয়, দেশের নারী হ্যান্ডবলের ভবিষ্যৎ শক্তিশালী করাও তাঁদের লক্ষ্য। আন্তর্জাতিক ম্যাচের অভাবে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়া কঠিন হলেও দল সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে মাঠে নামবে।
হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ইয়েমেন অংশ নিতে পারেনি। এ ছাড়া আইএইচএফের নিয়মসংক্রান্ত জটিলতায় আফগানিস্তানকে বাদ দিতে হয়েছে।
আসন্ন এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে এ প্রতিযোগিতাকে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। তিন মাসের অনুশীলনের পর ৯০ জন খেলোয়াড় থেকে বাছাই করে ১৭ সদস্যের চূড়ান্ত দল গঠন করা হয়েছে।
১৮ অক্টোবর সকাল ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধন ও সমাপনী দিনে দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে।

মন্তব্য করুন