https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলেও ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় অঞ্চলের মানুষকে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট জরুরি বার্তায় জনগণকে কোনো ধরনের বিলম্ব না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রীও দেশটির নাগরিকদের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন হলে দ্রুত উঁচু স্থানে সরে যেতে হবে।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।