ভারতের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের দমকা হাওয়ার গতি ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

বুধবার (২৮ অক্টোবর) ভারতের আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গত তিন ঘণ্টায় ঘণ্টায় প্রায় তিন কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শুরুতে একই দিকে এগোলেও পরে এর গতিপথ উত্তর-উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতেও তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।

এদিকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের গতিপথ ও পরিস্থিতির পরিবর্তনের ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।