বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা থামছেই না। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে আগেই একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। এমনকি অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এবার দীর্ঘদিনের এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেছেন, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আঁচ সাত থেকে আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে স্ত্রীর তোলা অভিযোগ সরাসরি নাকচ করেননি এই অভিনেতা।
গোবিন্দ বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে দেশজুড়ে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে, বিশেষ করে নারীদের কাছ থেকে। এসব প্রতিক্রিয়া নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। বরং নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তাঁর মতে, সাময়িক পরিস্থিতি একসময় কেটে গেলেও মানুষের বলা কথার আঘাত দীর্ঘদিন থেকে যায়।
দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন গোবিন্দ। এ প্রসঙ্গে তিনি নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন। অভিনেতার দাবি, ওই ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
গোবিন্দের ভাষ্য, জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যেও অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলতে চান তিনি।
স্ত্রীর অভিযোগ নিয়ে গোবিন্দের এই বক্তব্য নতুন করে তাঁদের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনকে আলোচনায় এনেছে। তবে পরকীয়ার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্যকে সরাসরি স্বীকারোক্তি হিসেবে দেখার সুযোগ নেই।

মন্তব্য করুন