চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি লরি তাঁদের চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
নিহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাঁদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বাস মেরামতের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর লরিটি উঠে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন