রাজধানীর নতুন বাজার এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন রোজিনা আক্তার (২২) নামে এক নারী। তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীর ভাই মো. জামাল।
তিনি জানান, রোজিনা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের জি এক্স নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় তাঁর সাবেক স্বামী মো. শরীফ হঠাৎ তাঁর শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। রাত ১০টার দিকে তাঁকে সেখানে ভর্তি করা হয়।
রোজিনা রাজধানীর নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছেন তাঁর ভাই।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রোজিনার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন