রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মেলার স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বুধবার সকালে মাঠে নির্মাণাধীন মেলার বিভিন্ন স্টল ও প্রবেশপথে ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছেন সেখানে কর্মরত ব্যক্তিরা।
সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি হিসেবে মাঠটিতে গেট ও স্টল নির্মাণের কাজ চলছিল। এ সময় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী এসে স্থাপনাগুলো ভাঙচুর করেন বলে অভিযোগ করেন মেলার কাজে যুক্ত ব্যক্তিরা।
মেলার কাজের দায়িত্বে থাকা এক প্রধান মিস্ত্রি জানান, সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা সরকারের হলেও মেলার স্থাপনাগুলো অস্থায়ী। কর্তৃপক্ষের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে তাঁরা তা মেনে নিতেন। কিন্তু ভাঙচুরের কারণে তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে এবং নির্মাণসামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মেলার কর্মচারীদের দাবি, আয়োজনের জন্য অনুমতি নিয়েই তাঁরা কাজ করছিলেন। সেখানে তাঁদের প্রায় কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ভাঙচুরের সময় পুলিশ বা প্রশাসনের কাউকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ওই মাঠে সচিবালয় নির্মাণ করতে দেওয়া হবে না। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিয়ে গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দিতে হবে। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের মাঠে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড মো. ফজলু জানান, শিক্ষার্থীরা মাঠটিতে সচিবালয় নির্মাণের বিরোধিতা করছেন এবং সেখানে গবেষণার মাঠ চান। তবে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে মাঠটিতে সচিবালয় স্থাপনের প্রস্তুতির অংশ হিসেবে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করে পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন