রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। তাঁর মোবাইল ফোনে আরও অনেক নারীর ভিডিও পাওয়ার দাবি করেছেন তাঁরা।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ইডেন কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আন্নু মালা জানান, ঘটনার সময় নূরজাহান মার্কেটের সামনে পাঁচজন শিক্ষার্থীকে জুম করে গোপনে ভিডিও ধারণ করছিলেন ওই যুবক। পরে তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীকে শপিংমল ও রাস্তায় ভিডিও করার একাধিক ফুটেজ দেখতে পান তাঁরা।

আন্নু মালার অভিযোগ, ওই যুবক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন এবং সেই অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো আপলোড করতেন।

শিক্ষার্থীরা পরে ওই যুবককে ইডেন কলেজ ক্যাম্পাসে নিয়ে যান এবং শিক্ষকদের কাছে সোপর্দ করেন। এরপর শিক্ষকেরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন।