বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সহযোগিতায় দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি—সিবিটিএর (CBTA) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘কন্ডাক্টিং আ কারসরি রিভিউ অব কম্পিটেন্সি-বেইজড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট (CBTA) কোর্স ম্যাটেরিয়ালস’ শীর্ষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিএওর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।

প্রশিক্ষণে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, ইনস্ট্রাক্টর, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ফ্লাইট সেফটি অফিসারসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সিবিটিএ পদ্ধতির আওতায় তৈরি প্রশিক্ষণ কোর্সের উপকরণ প্রাথমিকভাবে পর্যালোচনার জন্য অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো। এর মাধ্যমে প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের কার্যকারিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইসিএও ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মানসম্মত ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্স তৈরি এবং পর্যালোচনার সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, প্রশিক্ষণ উপকরণের গুণগত মান নিশ্চিত এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ ও যোগ্য জনবল তৈরিতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিটিএ পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন সম্ভব হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন আইসিএওর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।