কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পর্যটন ও টেকসই পর্যটন গন্তব্যের ধারণাকে সামনে রেখে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার—বিটিটিএফ ২০২৬। আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ১৪তম এ আয়োজনে অংশ নেবে ২০টির বেশি দেশের পর্যটন সংস্থা ও ব্যবসায়িক প্রতিনিধি।

মঙ্গলবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক আবুল বাসেত বাবু।

‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের প্রত্যাশা, এতে ২০০টির বেশি বুথ ও স্টলে ২২০ জনের বেশি প্রদর্শক অংশ নেবেন। পাশাপাশি ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা, আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হতে পারে।

নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা মেলায় অংশ নেবেন। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটররা নিজেদের সেবা ও প্যাকেজ তুলে ধরবেন।

মেলায় থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। দর্শনার্থীরা বিশেষ মূল্যছাড়ে বিমান টিকিট, হোটেল বুকিং ও বিভিন্ন ট্যুর প্যাকেজ নেওয়ার সুযোগ পাবেন। মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি ২৫টি উড়োজাহাজ দিয়ে ১০টি দেশের ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে লন্ডন, রোম, সিডনি, টরন্টো ও নিউইয়র্কে ফ্লাইট চালুর সম্ভাবনাও তুলে ধরেন তিনি।

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সেন্ট মার্টিন ও সুন্দরবনসহ পর্যটনকেন্দ্রগুলো ঘিরে বিদ্যমান জটিলতা নিরসনেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিটিটিএফ ২০২৬।