আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্ব থাকলেও অর্থনৈতিক সম্পর্ক এখনো সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১ নভেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আলজেরিয়ার গৌরবময় বিপ্লবের ৭২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে এবার অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে হবে। বিশেষ করে বাংলাদেশের বস্ত্র, ওষুধ, চামড়া, পাটজাত পণ্য, সিরামিক ও হালকা প্রকৌশল খাতে আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।
জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। সম্প্রতি বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আলজেরিয়া সফর এবং জ্বালানি সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সময় থেকেই দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে। জ্বালানি, ওষুধ, বস্ত্র, স্বাস্থ্য ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন