রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। বিকেলে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফ সাউরি উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান।

পরদিন ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরা সিপি ফাইভ স্টার স্ন্যাকসে সন্দেহভাজন দিশা এবং এ মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ (২৩) কয়েকজনকে একসঙ্গে অবস্থান করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাদের চলাফেরা এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে যাতায়াতের দৃশ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আসামিদের পরস্পরবিরোধী বক্তব্য যাচাইয়ের জন্য দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

এর আগে শনিবার তাহসিফ সাউরীর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।