দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর)। প্রথম পর্যায়ে যানবাহন নিবন্ধন করা হবে। পরে পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ২০২৬ সালের সংশোধিত আইনের ১২০ ধারায় ই-রিকশা নিবন্ধনের বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাসের পর এর আলোকে বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালাটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। ফলে ই-রিকশা নিবন্ধনে এখন আর কোনো আইনগত বাধা নেই।

তিনি জানান, প্রথমে দেশের ১৩টি সিটি করপোরেশনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সব ই-রিকশাকে আইনি ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৫ থেকে ৩০ বছর ধরে এসব যানবাহনের কোনো কার্যকর ব্যবস্থাপনা ছিল না। নতুন আইনের মাধ্যমে ই-রিকশা পরিচালনায় একটি কাঠামো তৈরি করা হয়েছে। তবে যানবাহনগুলো নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় প্রয়োজন হবে।