চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন নতুন এক ডিজিটাল মাধ্যমে। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী ভক্তদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন।
নতুন চ্যানেলের খবর জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদনময়ী ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবির ক্যাপশনে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’ তাঁর এই কৌশলী আহ্বানের পর অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেন। নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও ও বিনোদনমূলক কনটেন্ট প্রকাশ করবেন ফারিয়া, তা নিয়ে এখন ভক্তদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। অশোক পতি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া।
এরপর ২০১৬ সালে ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এই ছবিতে ফারিয়ার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন নুসরাত ফারিয়া।

মন্তব্য করুন