ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অবশিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এক বা দুটি স্থাপনা এখনো বাকি রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে। এসব স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট প্রয়োজন হবে বলে দাবি করেন তিনি।

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরান সমঝোতায় পৌঁছাতে চায়। তবে ইরানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। কারণ, দেশটি একবার সমঝোতায় পৌঁছানোর কথা বললেও পরে অবস্থান থেকে সরে আসে বলে মন্তব্য করেন তিনি।

ইরান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে সই করে কি না, সেটিই এখন দেখার বিষয় বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলার প্রস্তুতির মধ্যেই দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। এর আগে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।