রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড, যানবাহন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা এসব অভিযানে অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৩৪ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৪৩ জন এবং উত্তরা বিভাগে ২০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জন এবং এসআরইউ তিনজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি ও ২৬টি সিলিং ফ্যান জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন