ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৭৭ ডলারে নেমে আসে। তবে মঙ্গলবারের লেনদেনে আবারও দাম বাড়তে শুরু করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তেলের বাজারে প্রভাব ফেলতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। কয়েকজন মার্কিন কর্মকর্তা এ অভিযানকে ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছেন।

তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা সীমিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সংঘাত বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।