যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে এবার ইরানের রাজধানী তেহরানের রাজপথে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে আক্রমণাত্মক বার্তা। শহরের ব্যস্ত এনগেলাব স্কয়ারে ট্রাম্পকে হত্যার হুমকিসংবলিত বিশাল বিলবোর্ড স্থাপন করেছে ইরান।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্থাপন করা এই বিলবোর্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা তুলে ধরা হয়েছে। একই এলাকায় আরেকটি বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি দেখানো হয়েছে। ছবিগুলোতে তাদের রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় উপস্থাপন করা হয়েছে। পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিবর্ণ পতাকা।

বিলবোর্ড ঘিরে কয়েক ডজন মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল লাল পতাকা ও বিভিন্ন ব্যানার। এসব ব্যানারে লেখা ছিল, ‘রক্ত ঝরবে’। একই সঙ্গে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবিও জানান তারা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকেই দেশটিতে ক্ষোভ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, তেহরানের তাজরিশ স্কয়ারেও ট্রাম্পকে ব্যঙ্গ করে বিভিন্ন চিত্রকর্মের প্রদর্শনী চলছে। সেখানে ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় দেখানো ছবির পাশাপাশি তৈরি করা হয়েছে কারাগারের প্রতিরূপ। এর ভেতরে ট্রাম্পের আদলে সাজানো একজন অভিনয়শিল্পী অবস্থান করছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের বিভিন্ন জনসমাগমস্থলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক বার্তাসংবলিত বিলবোর্ড ও দেয়ালচিত্র স্থাপন করা হয়ে আসছে। এসব প্রচারের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিশোধের বার্তা তুলে ধরা হয়।