‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো।’ পরিবারের কাছ থেকে পাওয়া এমন অনুপ্রেরণাকে শক্তি করেই এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর তার চোখ এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আত্মবিশ্বাসী মাহির প্রত্যাশা, বিশ্বমঞ্চে জয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

বিজয়ী ঘোষণার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

মাহির এই বক্তব্যে ফুটে উঠেছে দেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের স্বপ্ন ও আত্মবিশ্বাস। তার কাছে এই প্রতিযোগিতা শুধু ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি, পরিচয় ও সম্ভাবনাকে তুলে ধরার একটি বড় সুযোগ।

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। এবার সৌন্দর্য, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতার পরীক্ষায় তাকে লড়তে হবে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে।

জাতীয় পর্যায়ে মুকুট জয়ের পর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছেন মাহি। তার এই যাত্রায় শুভকামনা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এখন সবার অপেক্ষা, বিশ্বমঞ্চে কতদূর এগিয়ে যেতে পারেন বাংলাদেশের এই প্রতিনিধি।