বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে শনিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। অন্যদিকে, তাঁর আইনজীবী মুতাসিম বিল্লাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নৌ-পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দীপ মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। গত ৩১ অক্টোবর প্রথম দফায় চার দিন এবং ৩ নভেম্বর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তৃতীয় দফার রিমান্ডসহ মোট ১০ দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হলো।

এ মামলায় আরেক আসামি জেরিকা তাসনিম দিশাও রিমান্ডে রয়েছেন।