সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের কর্তৃপক্ষ দাম্মাম, আল-আহসা ও আবকাইক এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই হুথিদের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।

হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে হামলার কোনো ভিডিও বা ছবি ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে সতর্ক করে সৌদি কর্তৃপক্ষ।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ক্রমেই বেড়েছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এর আগের দিন সৌদি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর পরপরই সৌদি আরবকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।

উল্লেখ্য, জুলাইয়ের আগে দীর্ঘ সময় সৌদি আরব ও হুথিদের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে।

এরপর থেকে সৌদি বাহিনী নিয়মিত হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে হুথিরাও।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।