ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই দ্বিশতকে পরিণত করেছেন এই ব্যাটার। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিশতক করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের মধ্যে মুশফিকের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি, সাকিব ও তামিমের একটি করে। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো হৃদয়ের নাম।
নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিতেই নতুন রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসে ১৮১ রানের বেশি করতে পারেননি। সেই রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির মালিক হলেন হৃদয়। এই মাঠে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এর আগে কোনো বাংলাদেশি ব্যাটার ১৫০ রানের মাইলফলক পেরোতে পারেননি।
দলের বিপর্যয়ের সময় তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন হৃদয়। টেস্টে এই উইকেটে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ১৪৪ রানের জুটিটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে একসময় ১৭২ রানে পিছিয়ে থেকে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। তার ঐতিহাসিক দ্বিশতকে এখন ম্যাচে লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

মন্তব্য করুন