ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

অবরোধকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেন। তাদের দাবি, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনরায় আগের ইউনিয়নে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগ বন্ধ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়েছে। নিরাপত্তার কারণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে। এছাড়া সুবর্ণ এক্সপ্রেস ও মহানগরসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

সম্প্রতি বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।