জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় পুরো পথ হেঁটে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।

এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।

কর্মসূচি ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। তাঁদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।