ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

শনিবার (৭ নভেম্বর) সকালে সানার আল-সারিয়া এলাকায় এ হামলা চালানো হয়। হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ও বার্তা সংস্থা সাবা হতাহতের এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার দাবি করে হুথি বিদ্রোহীরা। তবে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলেছে, বাজারে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

আল-ওয়াজিয়া শহরটি ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে হুথিরা সামরিক অভিযান জোরদার করেছে। এর জবাবে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারও পাল্টা অভিযান চালাচ্ছে।

এদিকে সানায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।