সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে এসব আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৪৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ১৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩৫৩ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় ১৮ জনকে গ্রেপ্তার করেছে সীমান্ত কর্তৃপক্ষ।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োজিত করার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে সৌদি আরবে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া এসব অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।