ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুম্বাইগামী উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি বার্তা পাওয়ার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতির শেষ পর্যায়ে থাকাকালে শৌচাগারের আয়নায় লেখা হুমকির বিষয়টি নজরে আসে। বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্ক করেন।

এরপর উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের একটি নিরাপদ স্থানে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষায়িত নিরাপত্তা দল তল্লাশি অভিযান শুরু করে।

উড়োজাহাজে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত করতে এর বিভিন্ন অংশে বিস্তারিত তল্লাশি চালানো হচ্ছে। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, কে বা কারা উড়োজাহাজের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি লিখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

অপরাধীদের শনাক্ত করতে বিমানবন্দর প্রাঙ্গণ এবং উড়োজাহাজের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত হুমকির পেছনে জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা উড়োজাহাজে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।