বাংলাদেশের বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি দামি ফল পার্সিমন। একসময় দেশের মানুষের কাছে অপরিচিত থাকলেও বর্তমানে এই ফলের চাহিদা বাড়ছে। আর বাংলাদেশের বাজারে পার্সিমনের অন্যতম প্রধান সরবরাহকারী দেশ ভারত। দেশটির কাশ্মীর ও হিমাচল প্রদেশে উৎপাদিত পার্সিমন বাংলাদেশসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।ভারতের অভ্যন্তরীণ বাজারেও ফলটির চাহিদা বাড়ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাংলাদেশ, ভুটান ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করছেন ভারতীয় ব্যবসায়ীরা।

মূলত সড়কপথে ভারত থেকে বাংলাদেশে আসে পার্সিমন। শরৎকাল থেকে শুরু করে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি পর্যন্ত চলে এই ফলের মৌসুমি রপ্তানি।

রপ্তানি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৬৪ দশমিক ৬ টন পার্সিমন রপ্তানি হয়েছিল। তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮২ টনে। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় অল্প সময়েই রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে বিভিন্ন ধরনের ফল রপ্তানিতে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে বাংলাদেশের কাছে শুল্ক কমানো কিংবা সম্পূর্ণ প্রত্যাহারের আবেদন জানিয়েছে ভারত।

ভারতের কলকাতার পাইকারি ফলের বাজার মেছুয়ায় ছয় থেকে সাত কেজির বাক্সে বিক্রি হচ্ছে পার্সিমন। প্রতি বাক্সের পাইকারি দাম ২ হাজার ৪৫০ রুপি। তবে কোনো কোনো স্থানে ২ হাজার ১০০ রুপিতেও পাওয়া যাচ্ছে ফলটি।

অন্যদিকে পশ্চিমবঙ্গের খুচরা বাজারে প্রতি কেজি পার্সিমন বিক্রি হচ্ছে প্রায় ৪০০ রুপিতে।

তবে বাক্সে ফল কেনার ক্ষেত্রে সমস্যার কথাও জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অনেক সময় একটি বাক্সের মধ্যে বেশ কয়েকটি পচা বা নষ্ট ফল পাওয়া যায়। এতে ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা তৈরি হয় এবং ভালো ফলের দামও বাড়াতে হয়।

ভারতে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে রয়েছেন দেশটির রপ্তানিকারকরা। উন্নতমানের ফল বাছাই, মানসম্মত প্যাকেজিং এবং আকাশপথে পরিবহনের বাড়তি খরচ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মেছুয়া বাজারের ফল ব্যবসায়ী রাজ সাহা বলেন, বাংলাদেশেও পার্সিমন রপ্তানি হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। তার ধারণা, রপ্তানির কারণে স্থানীয় বাজারে ফলটির দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি বাক্সে কিছু নষ্ট ফল থাকায় খুচরা বিক্রির সময় ব্যবসায়ীদের দাম সমন্বয় করতে হচ্ছে।