চিকিৎসার প্রয়োজনে বারবার থাইল্যান্ডে যাতায়াত করতে হয়—এমন বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে দেশটি। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের ভিসা প্রদানের ক্ষেত্রে দেশটির সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে যেসব রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসা কিংবা নিয়মিত ফলোআপের জন্য একাধিকবার থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন হয়, তাদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি।

জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর ক্ষেত্রে একাধিকবার যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাদের মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে থাইল্যান্ড।

আলোচনায় আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদনের প্রতি সমর্থন এবং আঞ্চলিক অর্থনৈতিক জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে রাষ্ট্রদূত এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।