জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পাঞ্জাবকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে এবার তাকে ও অনুষ্ঠানটির সম্প্রচারক সোনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যটির এক আইনজীবী।
বিতর্কের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, কেবিসি ১৮-এর মঞ্চে ১২ লাখ ৫০ হাজার রুপির একটি প্রশ্ন করছেন অমিতাভ। প্রশ্নটি ছিল, সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে একটি পুলিশস্টেশনে বোমা হামলা চালিয়েছে? সম্ভাব্য উত্তর হিসেবে রাখা হয় উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব। ভিডিওতে ৫০:৫০ লাইফলাইন ব্যবহারের পর পাঞ্জাবকে সঠিক উত্তর ঘোষণা করতে দেখা যায় তাকে।
সংগরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার অভিযোগ, এ ধরনের প্রশ্নের মাধ্যমে পাঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তার দাবি, কয়েক দিন আগে এক মক্কেলের কাছ থেকে ভিডিওটি ও কয়েকটি স্ক্রিনশট পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেন।
আইনজীবী জানান, সোনি টিভি ও অমিতাভ বচ্চনকে পাঠানো নোটিশে ভিডিওটি জাতীয় সংবাদমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ভিডিওটি সত্যিই অনুষ্ঠানের অংশ হলে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
তবে ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, নাকি সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের জবাব পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন আইনজীবী।

মন্তব্য করুন