বৈরী আবহাওয়ায় টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে প্রায় ৪৫০ জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। তবে ট্রলারের সংকটে এখনো অনেক পর্যটক দ্বীপের জেটিঘাটে অপেক্ষা করছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১২টি ট্রলারে করে এসব পর্যটক দ্বীপ ছাড়েন। প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে যাত্রী পরিবহন করা হয়।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার থেকে এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এতে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েন।
ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, প্রশাসনের অনুমতি নিয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে আর্থিক সংকট ও জরুরি প্রয়োজনে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, পর্যটকেরা ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাচ্ছেন। যারা থাকতে চান, তারা দ্বীপেই অবস্থান করছেন।
এদিকে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে ২২ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে। ১৯ থেকে ২১ নভেম্বরের টিকিট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


মন্তব্য করুন