বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)। দেশের বিমান অবকাঠামো আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও সংস্থাটি।
কানাডার মন্ট্রিলে আইকাওর ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশের বিমান খাতের ভবিষ্যৎ উন্নয়ন, অবকাঠামো ও সেবার মান বাড়ানো, বিনিয়োগের সুযোগ তৈরি, নিরাপত্তা তদারকি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইকাও মহাসচিব জানান, বিশ্বব্যাপী বিমান চলাচলের ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। এ বিশাল বিনিয়োগের লক্ষ্য পূরণে বিমানবন্দর অবকাঠামো ও সেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়ে পরিবেশবান্ধব বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলা এবং নতুন প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতার প্রস্তাব দেন আইকাও মহাসচিব।
অন্যদিকে, দেশের বিমান চলাচল খাতের নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সক্ষমতা বাড়াতে আইকাওর কারিগরি সহায়তা চান বিমানমন্ত্রী। বিশেষ করে নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার ওপর জোর দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। একটি আধুনিক, নিরাপদ ও টেকসই বিমান চলাচল ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকের শেষ পর্যায়ে কারিগরি সহযোগিতা, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন