১৬ বছর বা তার কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।
একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে রিটটি দায়ের করেন। তাঁর দাবি, যথাযথ নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঝুঁকির মুখে পড়ছে।
রিট আবেদনে আইসিডিডিআর,বির একটি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। তাদের দৈনিক গড় স্ক্রিন ব্যবহারের সময় প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা।
গবেষণায় আরও উঠে এসেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশুর নিয়মিত মাথাব্যথা হচ্ছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের ঘুম, মনোযোগ ও শেখার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা এখন আরও জোরালো হলো।

মন্তব্য করুন