কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী ব্যয়ের প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের চাপ এসব দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলছে।
তিনি জলবায়ু-সহনশীল ঋণ সুবিধা, ঋণ মওকুফ, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও দেন তিনি।

মন্তব্য করুন