স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন, অভিবাসন এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এই বিশাল জনগোষ্ঠীর দায়িত্ব বহন করতে গিয়ে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, প্রায় এক দশক ধরে চলমান এ সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু অভিযোজন, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন উভয় পক্ষ।
বিশ্লেষকদের মতে, জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

মন্তব্য করুন