দেশের বিমান যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে আটটি বিমানবন্দর চালুর লক্ষ্যে অগ্রাধিকার তালিকা তৈরি করেছে সরকার। এর মধ্যে বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহে দিনব্যাপী সফরে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের বিমান অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে আটটি বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রকল্পে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।

একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রাথমিক কাজ এগোলেও সরকারের প্রথম অগ্রাধিকার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।

সভায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

এদিকে ময়মনসিংহ টাউন হলে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার টেকসই গ্রামীণ উন্নয়ন, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মিড-ডে মিল এবং ছাত্রীদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার মতো কর্মসূচি বাস্তবায়ন করছে।